ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে বাহরাইনে এক বাংলাদেশিসহ ছয়জন গ্রেপ্তার হয়েছেন। সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বাহরাইন নিউজ এজেন্সি এ খবর জানায়।

গ্রেপ্তার বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর, বাকি পাঁচজন পাকিস্তানি।

দুর্নীতি দমন এবং অর্থনৈতিক ও ইলেকট্রনিক নিরাপত্তাবিষয়ক জেনারেল ডিরেক্টরেটের অধীন অ্যান্টি-সাইবারক্রাইম ডিরেক্টরেট এ অভিযান চালায়।

মন্ত্রণালয়ের অভিযোগ, তারা শত্রুভাবাপন্ন কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি দেখিয়ে এসব ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছেন, যা নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকি এবং বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াতে ভূমিকা রেখেছে।

অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।