চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রযুক্তিনির্ভর অনুসন্ধানে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রাম জেলার ১৭টি থানায় মোবাইল ফোন হারানো সংক্রান্ত যেসব সাধারণ ডায়েরি (জিডি) হয়েছিল, সেগুলোর তথ্য পর্যালোচনা করে উদ্ধার অভিযান শুরু করে ডিবি। এরপর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতা একসঙ্গে কাজে লাগিয়ে চালানো অনুসন্ধানে ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মো. মাসুদ আলম দায়িত্ব নেওয়ার পর জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রম জোরদার করতে নানা উদ্যোগ নেন। তাঁর নির্দেশনায় হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ।
নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার হওয়া ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে উপকারভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মত, এ ধরনের উদ্যোগ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াবে।
জেলা পুলিশ জানিয়েছে, হারানো সম্পদ উদ্ধার, অপরাধ প্রতিরোধ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনসেবার মান উন্নয়নে তাদের কার্যক্রম চলমান থাকবে।
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






