চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে নেজাম উদ্দিন নামের ৫০ বছর বয়সী এক কৃষক খুন হয়েছেন। বুধবার সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় সড়কের ওপর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির দুই হাত কনুই থেকে বিচ্ছিন্ন ছিল।

নেজাম উদ্দিন মীরেরখীল স্লুইসগেট এলাকার রফু মিয়ার ছেলে। দিনমজুরির পাশাপাশি তিনি চাষাবাদ ও গাছ কাটার কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বন্যহাতির উপদ্রব থেকে পাকা ধান রক্ষার জন্য মঙ্গলবার রাতে ক্ষেত পাহারা দিতে গিয়েছিলেন নেজাম উদ্দিন। সকাল পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে বের হন। একপর্যায়ে মীরেরখীল কালিছড়ি সেতুর কাছে মাতব্বর বাড়ির পাশে সড়কের ওপর তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কে বা কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি।

ওসি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল কাজ করছে।

ঘটনার খবর পেয়ে চট্টগ্রামের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্প ও ডিবি) এবং রাঙ্গুনিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Source: জাগো নিউজ২৪