নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত প্রতিষ্ঠানটির ৯৪ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ৮৫ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন; এখনো ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যাঁদের দুজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
আইসিইউতে থাকা দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালটির আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার। এদের একজনকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দিতে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) তিনি এসব তথ্য নিশ্চিত করেন।
ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, বর্তমানে ৯ জন চিকিৎসাধীন আছেন এবং ৮৫ জনকে চিকিৎসাসেবা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি আরও জানান, রোগীদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আগুন যেভাবে ছড়ায়
গত সোমবার দিনগত রাত ১টার দিকে ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদরাসায় আগুন শুরু হয়। মাদরাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন লাগে। ওই ভবনে রাতে প্রায় ২৫০ শিক্ষার্থী অবস্থান করছিল। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই দুটি কক্ষে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
খবর পাওয়ার পর কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের তিনটি এবং শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার পরপরই ভবনটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় ঘন ধোঁয়ায় দম বন্ধ হয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। পরে রাতেই তাঁদের চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
Source: জাগো নিউজ২৪






