আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বহু কিছু অর্জন সম্ভব হলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রায়ই ঘাটতি থেকে যায় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এরই মধ্যে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলোকে এখন বাস্তব পদক্ষেপে রূপান্তর করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যের কথা তুলে ধরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান ড. খলিলুর রহমান। ওই পোস্টে তিনি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান, কপ-৩১ সম্মেলনটিকে যেন প্রতিশ্রুতি বাস্তবায়নের সম্মেলনে পরিণত করা হয়।
পোস্টে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, কূটনীতিতে ৪০ বছর কাটিয়েছেন তিনি। এই দীর্ঘ অভিজ্ঞতায় তিনি দেখেছেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে কী অর্জন করা সম্ভব। একই সঙ্গে প্রতিশ্রুতি বাস্তবায়নে কীভাবে ঘাটতি থেকে যায়, সেটিও তিনি প্রত্যক্ষ করেছেন।
ড. খলিলুর রহমানের ভাষ্য অনুযায়ী, কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়াসহ এরই মধ্যে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো এখন বাস্তবায়ন করতে হবে।
তাঁর মত অনুযায়ী, কপ-৩১ সম্মেলনে কেবল নতুন প্রতিশ্রুতিতে গুরুত্ব দেওয়া উচিত নয়; বিদ্যমান সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ও কার্যকর পদক্ষেপের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।
Source: জাগো নিউজ২৪






