রাজধানীতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছদ্মবেশী রিকশাচালকদের শনাক্ত করতে রিকশা গ্যারেজ মালিকদের তাদের অধীনস্থ চালকদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সংগ্রহ করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-২) কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

শনিবার (২৮ নভেম্বর) এসআরবি-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান। তিনি জানান, সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-২ জানতে পারে, রাজধানীতে রিকশাচালকদের ছদ্মবেশে একশ্রেণির অপরাধী বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে।

মেজর তাপসের ভাষ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে অপরাধ সংঘটনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে ওই অপরাধীরা রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল ও রিকশা গ্যারেজে আত্মগোপন করছে।

শনিবার রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার রিকশা গ্যারেজে বিশেষ অভিযান চালায় এসআরবি-২-এর একটি দল বলে জানান তিনি। অভিযানে রিকশাচালকদের পরিচয় যাচাই এবং ‘ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমে’ তথ্য অনুসন্ধানের লক্ষ্যে রায়েরবাজার এলাকার পাঁচটি গ্যারেজের প্রায় ৩০০ রিকশাচালককে নজরদারির আওতায় আনা হয়।

এ সময় রিকশাচালকদের পিসিপিআর যাচাইয়ের জন্য প্রতিটি রিকশা গ্যারেজের মালিককে তাদের অধীনস্থ রিকশাচালকদের জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ করে দ্রুত এসআরবি-২ কার্যালয়ে জমা দিতে বলা হয় বলেও জানান এসআরবি-২-এর এই কর্মকর্তা।

তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪