ফিনল্যান্ডে থাকা বাংলাদেশি পিএইচডিধারী বিজ্ঞানীদের নিয়ে একটি ভার্চুয়াল মিলনমেলার আয়োজন করেছে তাঁদের সংগঠন ‘বাংলাদেশ ডক্টরেটস্ প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ড’ (বিডিপিএফ)। ৬ সেপ্টেম্বর স্থানীয় সময় সকালে নতুন ও পুরোনো সদস্যদের নিয়ে হওয়া এ অনলাইন আয়োজনে সংগঠনটিতে নিবন্ধিত ৯৪ জন বিজ্ঞানী একে অপরের খোঁজখবর নেন, ভাগাভাগি করেন দেশ নিয়ে ভাবনা।
শুরুতে জাতীয় ফুল শাপলা দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন-পুরোনো সদস্যদের, যা অংশগ্রহণকারীদের আবেগাপ্লুত করে। উদ্বোধন করেন অধ্যাপক ডক্টর মো. মঞ্জুরে মওলা, যিনি বিডিপিএফের প্রতিষ্ঠাতা সভাপতি; সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্যসচিব অধ্যাপক ড. জি এম আতিকুর রহমান। নির্বাহী কমিটির হয়ে অধ্যাপক ড. মো. আব্দুল হাই ও লেকচারার ড. সাকের আহমেদ শিক্ষণীয় বিষয়ের দিন-তারিখ জানান।
আড্ডায় প্রবীণ সদস্যরা দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও স্মৃতির পাশাপাশি সংগঠন ও দেশকে এগিয়ে নেওয়ার পথ নিয়ে নতুনদের সঙ্গে কথা বলেন। নতুন বিজ্ঞানীরা আধুনিক চিন্তা আর তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে বিডিপিএফ ও বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
নতুনদের পক্ষে অনুভূতি জানান গবেষক ড. ফেরদৌস লিটন খাঁন ও ড. রেজাউদ্দিন রিপন। প্রবীণদের মধ্যে কথা বলেন গবেষক ও প্রতিষ্ঠাতা সদস্য ড. শিপুল বড়ুয়া, উপদেষ্টা গোলাম মোহাম্মদ সারোয়ার, অধ্যাপক ড. কামরুল হোসেন, ডুসেন্ট অসীম কুমার, ড. মাহাবুব রহমান এবং গবেষক ড. কামরুল হাসান। প্রবাসের যান্ত্রিক জীবনে গ্রামের মেঠো পথ, নদী আর প্রকৃতি, বন্ধুদের সঙ্গে আড্ডা ও স্বজনদের সান্নিধ্য খুব মনে পড়ে বলে জানান তাঁরা।
অনানুষ্ঠানিক আলোচনায় গবেষক ড. মো. সানাউল হক, ড. গালিব হাসান ও ড. তানভির হাসান বলেন, বিডিপিএফের এ আয়োজন তাঁদের জন্য বড় উপহার; আড্ডার মধ্যে যেন পুরোনো দিনগুলোতে ফিরে গিয়েছিলেন তাঁরা।
শেষ পর্বে বিশ্বের নানা প্রান্তে থাকা ফিনল্যান্ডের পিএইচডিধারী প্রবাসীরাও যুক্ত হন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে এবং উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে যৌথভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ও সদস্যসচিব। নেপথ্যে থেকে আয়োজন সফল করায় নির্বাহী কমিটির সদস্যদেরও ধন্যবাদ জানান সভাপতি।


