দালাল চক্রের প্রলোভনে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে হাঙ্গেরিতে মারা গেছেন ফেনীর এক যুবক। সোমবার (২০ জুলাই) পুলিশ তার পরিবারকে মৃত্যুর খবর জানায়।

মৃত ফরিদুর রহমানের (৩২) বাড়ি দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের পূর্ব বারাহীগুনী গ্রামে; তিনি গ্রামের সফি ডাক্তার বাড়ির মফিজুর রহমানের ছেলে।

পরিবার জানায়, প্রায় ১৮ লাখ টাকার বিনিময়ে ইতালিতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিল একটি দালাল চক্র। গত ১৬ জুন দেশ ছাড়েন ফরিদুর; তাকে প্রথমে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে, পরে নর্থ মেসিডোনিয়া ও সার্বিয়া পেরিয়ে সড়কপথে হাঙ্গেরিতে ঢোকানো হয়।

ফরিদুরের ভাই কাজী মোহাম্মদ বাবুল জানান, জঙ্গলে দীর্ঘ সময় রাখার কারণে ফরিদুর অসুস্থ হয়ে পড়েন এবং হাঙ্গেরির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরেক ভাই কাজী নজরুল ইসলামের ভাষ্য, ২৪ জুনের পর ফরিদুরের সঙ্গে আর কথা হয়নি, দালালেরাও সন্তোষজনক তথ্য দেয়নি।

সোমবার পুলিশ বাড়িতে এসে খবর দিলেও মৃত্যুর দিনক্ষণ জানাতে পারেনি বলে জানান নজরুল। পুলিশ সদর দপ্তরের নির্দেশে ঠিকানা ও পরিচয় যাচাইয়ের পর পরিবারকে খবর দেওয়া হয়েছে বলে জানান দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম; মরদেহ এখন হাঙ্গেরিতে।

দাগনভূঞার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম জানান, মরদেহ দেশে আনাসহ যেকোনো সহায়তায় প্রশাসন পরিবারটির পাশে থাকবে।