বাংলাদেশ থেকে যাওয়া এক প্রবাসী যাত্রীকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করেছে কুয়েতের কাস্টমস কর্তৃপক্ষ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নম্বর টার্মিনালে সোমবার (২১ সেপ্টেম্বর) তল্লাশির সময় তাঁকে ধরা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওই যাত্রীর কাছে ৬ হাজার ২১১টি ইয়াবা, ৪ কেজি ৭৫০ গ্রাম গাঁজা এবং ৩১৯.৩ গ্রাম মেথঅ্যামফিটামিন পাওয়া যায়। আইনি ব্যবস্থার জন্য তাঁকে দেশটির মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।

মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলা কুয়েত বিমানবন্দরসহ সব প্রবেশপথে নজরদারি ও তল্লাশি বাড়িয়েছে। এর আগেও মাদকসংশ্লিষ্টতার অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

এত বড় চালান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং কীভাবে এড়াল, সে প্রশ্ন তুলেছেন প্রবাসীরা। কুয়েতপ্রবাসী সুমন চৌধুরী এর পেছনে কোনো কর্মকর্তা বা চক্রের হাত আছে কি না, তা তদন্ত করে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।