লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বোমা হামলায় দিপালী নামের এক বাংলাদেশি প্রবাসী নারী নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) লেবাননে বাংলাদেশ দূতাবাস এ খবর জানায়।
দূতাবাসের তথ্য অনুযায়ী, বুধবার (৮ এপ্রিল) বৈরুতের হামরা এলাকায় কফিল বা নিয়োগকর্তার পরিবারের সঙ্গে থাকার সময় হামলার শিকার হন দিপালী; প্রাথমিক তথ্যমতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বাবা শেখ মোফাজ্জল, মা রোজিনা খাতুন; বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, একই হামলায় দিপালীর কফিল এবং তার পরিবারের কয়েকজন সদস্যও মারা গেছেন; কফিলের পরিচিত এক প্রতিবেশী এ তথ্য দেন।
মরদেহ রাখা আছে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে; এর অবস্থা জানতে যোগাযোগ রাখছে দূতাবাস, যারা এই রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে।



