হঠাৎ পেটে ব্যথা শুরু হলে অনেকেই প্রথমে গ্যাস, বদহজম বা বাইরের খাবারের দোষ খোঁজেন। শিশুদের বেলায় অভিভাবকেরা অনেক সময় কোষ্ঠকাঠিন্য বা অম্বল ভেবে নিজে থেকেই ওষুধ খাইয়ে দেন। তবে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, সব পেটব্যথার উৎসই হজমের গোলমাল নয়—সাধারণ ব্যথার আড়ালে লুকিয়ে থাকতে পারে অ্যাপেন্ডিসাইটিসের মতো জটিল সমস্যা। সময়মতো রোগ শনাক্ত করে চিকিৎসা না করালে পরিস্থিতি গুরুতর হয়ে উঠতে পারে। বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে লক্ষণ সব সময় স্পষ্ট না হওয়ায় ঝুঁকি আরও বেশি।
অ্যাপেন্ডিসাইটিস কী
বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত আঙুলের মতো ছোট একটি থলিকে বলা হয় অ্যাপেন্ডিক্স। এই অংশে প্রদাহ দেখা দিলে তাকে অ্যাপেন্ডিসাইটিস বলা হয়। সাধারণত কোনো কারণে অ্যাপেন্ডিক্সের মুখ বন্ধ হয়ে গেলে ভেতরে ব্যাকটেরিয়া জমে সংক্রমণ ও প্রদাহ তৈরি হতে পারে। এতে অ্যাপেন্ডিক্স ফুলে ওঠে এবং পেটে ব্যথা শুরু হয়।
শুরুতে সমস্যাটি তেমন গুরুতর না মনে হলেও সময়ের সঙ্গে প্রদাহ বাড়তে পারে। দ্রুত চিকিৎসা না হলে অ্যাপেন্ডিক্সে পুঁজ জমতে পারে, এমনকি সেটি ফেটেও যেতে পারে। অ্যাপেন্ডিক্স ফেটে গেলে সংক্রমণ পেটের ভেতরে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এ থেকে পেরিটোনাইটিস বা পেটের ভেতরের আবরণে সংক্রমণ হতে পারে। সংক্রমণ রক্তে ছড়িয়ে পড়লে সেপসিসের মতো প্রাণঘাতী জটিলতাও দেখা দিতে পারে। তাই অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ বোঝা গেলে অপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
নাভির পাশ থেকে ব্যথা ডান দিকে
অ্যাপেন্ডিসাইটিসের অন্যতম পরিচিত লক্ষণ পেটে ব্যথা। তবে এই ব্যথা সাধারণত শুরু থেকেই পেটের নিচের ডান দিকে হয় না। অনেকের ক্ষেত্রে প্রথমে নাভির চারপাশে হালকা বা অস্পষ্ট ব্যথা অনুভূত হয়। কয়েক ঘণ্টা পর ব্যথাটি ধীরে ধীরে পেটের নিচের ডান দিকে সরে যেতে পারে এবং সময়ের সঙ্গে তীব্রতাও বাড়তে থাকে।
হাঁটাচলা, কাশি, হাঁচি, লাফানো কিংবা শরীরের ভঙ্গি বদলালে ব্যথা আরও বাড়তে পারে। শিশু যদি পেটের ব্যথার কারণে সোজা হয়ে হাঁটতে না পারে, কুঁকড়ে থাকে বা নড়াচড়া করতে না চায়, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
বমি ভাব ও জ্বরও হতে পারে
শুধু পেটব্যথা নয়, অ্যাপেন্ডিসাইটিসের সঙ্গে আরও কিছু উপসর্গ দেখা দিতে পারে—যেমন ক্ষুধা কমে যাওয়া, বমি বমি ভাব, বমি, সামান্য জ্বর এবং মলত্যাগের অভ্যাসে পরিবর্তন। অনেকের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানাও হতে পারে। পেট ফুলে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে।
তবে সব রোগীর ক্ষেত্রে একই রকম লক্ষণ দেখা যায় না। কারও ব্যথা দ্রুত বাড়ে, আবার কারও উপসর্গ কিছুটা অস্পষ্ট থাকে। তাই শুধু ব্যথার জায়গা বা জ্বরের উপস্থিতি দেখে নিজে থেকে রোগ নির্ণয় করা ঠিক নয়।
শিশুদের ক্ষেত্রে কেন চেনা কঠিন
বড়রা সাধারণত কোথায় ব্যথা হচ্ছে, কেমন লাগছে, তা বোঝাতে পারেন। কিন্তু ছোট শিশুরা সব সময় নিজেদের সমস্যার কথা স্পষ্ট করে বলতে পারে না। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সিদের ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিসের পরিচিত লক্ষণগুলো অনেক সময় দেখা যায় না। তারা পেটের ঠিক কোন অংশে ব্যথা হচ্ছে তা বোঝাতে না পেরে শুধু কান্নাকাটি করতে পারে কিংবা অস্বাভাবিক আচরণ করতে পারে।
কিছু শিশুর ক্ষেত্রে তীব্র পেটব্যথার বদলে ডায়ারিয়া, পেটফাঁপা, বমি বা দুর্বলতা দেখা দিতে পারে। কেউ খেতে চায় না, কেউ আবার খেলাধুলা বন্ধ করে চুপচাপ শুয়ে থাকে। যে শিশু সাধারণত খুব চঞ্চল, সে যদি হঠাৎ নিস্তেজ হয়ে পড়ে, কোলে থাকতে চায় কিংবা পেটের অস্বস্তির কারণে হাঁটাচলা করতে না চায়, তাহলে অভিভাবকদের সতর্ক হওয়া দরকার।
কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন
পেটব্যথা ক্রমশ বাড়তে থাকলে, নাভির চারপাশ থেকে পেটের নিচের ডান দিকে সরে গেলে কিংবা ব্যথার সঙ্গে বমি ও জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুর পেটব্যথা দীর্ঘক্ষণ স্থায়ী হলে, স্বাভাবিক খাওয়াদাওয়া বন্ধ হয়ে গেলে বা নড়াচড়া করতে কষ্ট হলে দেরি করা উচিত নয়। তীব্র ব্যথা, অস্বাভাবিক নিস্তেজ ভাব, পেট ফুলে যাওয়া কিংবা শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে শিশুকে জরুরি বিভাগে নিয়ে যেতে হবে।
অ্যাপেন্ডিসাইটিস সন্দেহ হলে বাড়িতে বসে গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের ওষুধ খাইয়ে অপেক্ষা করা ঠিক নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক বা অন্য ওষুধ দিয়ে উপসর্গ চাপা দেওয়ার চেষ্টাও করা উচিত নয়। চিকিৎসক শারীরিক পরীক্ষা, প্রয়োজনীয় রক্ত পরীক্ষা এবং আল্ট্রাসাউন্ডের মতো পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করতে পারেন।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, মেডিকেল নিউজ টুডে এসএকেওয়াই
Source: জাগো নিউজ২৪






