গান পছন্দ থেকে শুরু করে গোঁফের ট্যাটু—বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন জেন জিদের সমালোচনার মুখে পড়েছে মিলেনিয়ালরা। তবে সাম্প্রতিক সময়ে জেন জিদের অনেকেই ‘মিলেনিয়াল আশাবাদ’ নামে পরিচিত সময়টির প্রতি নস্টালজিয়া প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সময়কে যেভাবে তুলে ধরা হয়, বাস্তব চিত্র হয়তো তেমন ছিল না। তবে মিলেনিয়ালদের জীবনে এমন কিছু অভিজ্ঞতা ছিল, যা নতুন প্রজন্মের পাওয়ার সম্ভাবনা কম।
মুঠোফোন ছাড়াই কিশোর বয়স কাটানো মিলেনিয়াল ও জেন জিদের বয়স্ক সদস্যদের একটি অংশই শেষ প্রজন্ম, যাদের শৈশবে মুঠোফোনের ব্যবহার ছিল সীমিত। অন্যদিকে, জেন জিদের বেশির ভাগই ১৮ বছর হওয়ার আগেই মুঠোফোন পেয়েছে। তাদের অনেকের কিশোর বয়স কেটেছে ফোনের পর্দায় চোখ রেখে। তবে এ নিয়ে অসন্তুষ্টিও রয়েছে। যুক্তরাজ্যের ১৬ থেকে ২৪ বছর বয়সীদের ৬০ শতাংশ মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমের উপকারের চেয়ে ক্ষতি বেশি। আর ৭৮ শতাংশ তরুণের সুরক্ষায় আরও কঠোর নিয়ন্ত্রণ চান।
২০০৬ সালে চালু হয় অবিরাম স্ক্রল করার সুবিধা। তখন জেন জিদের সবচেয়ে বয়স্ক সদস্যদের বয়স ছিল প্রায় ১০ বছর। ফলে এ প্রজন্মের অনেকেই শৈশব থেকেই আসক্তি তৈরি করতে পারে এমন প্রযুক্তির সংস্পর্শে এসেছে। অন্যদিকে, বেশির ভাগ মিলেনিয়াল বাইরে খেলাধুলা করে এবং প্রযুক্তির পর্দার বাইরে শৈশব কাটানোর সুযোগ পেয়েছে।
হ্যান্ডহেল্ড ক্যামেরায় ছবি তুলে ফেসবুকে আপলোড করা মিলেনিয়ালদের সবচেয়ে বয়স্ক সদস্যরাই শেষ প্রজন্ম, যারা সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়াই কিশোর বয়স কাটিয়েছেন। পরে মাইস্পেস ও ফেসবুকের মতো প্ল্যাটফর্ম এলেও সেগুলোর ব্যবহার এখনকার মতো ছিল না। ইনস্টাগ্রাম ও টিকটকের মতো আসক্তি তৈরির বৈশিষ্ট্যও তখন ছিল না। মিলেনিয়াল ও জেন জিদের বয়স্ক সদস্যরা ফেসবুক ব্যবহার করেছেন মূলত আনন্দঘন মুহূর্তের ছবি অ্যালবামে সাজিয়ে রাখতে। এসব ছবি সাধারণ ক্যামেরায় তোলা হতো এবং সঙ্গে সঙ্গে আপলোড করা যেত না। ফলে কী পোস্ট করবেন, তা ভাবার সময় পাওয়া যেত। কোনো ছবি বা ঘটনা মুহূর্তেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও তখন কম ছিল।
পরিবারের সবার জন্য একটি কম্পিউটার মিলেনিয়াল ও জেন জিদের বয়স্ক সদস্যদের অনেকেরই শৈশবে ব্যক্তিগত কম্পিউটার ছিল না। পরিবারের সবাই মিলে ব্যবহার করতেন একটি বড় ডেস্কটপ কম্পিউটার। তখন এটি ছিল নতুন ও মজার প্রযুক্তি। এতে ভিডিও গেম খেলা বা গুগলে তথ্য খোঁজার মতো কাজ করা হতো। তবে তখনকার শিশুরা ইন্টারনেটে এখনকার মতো সব ধরনের কনটেন্টে অবাধ প্রবেশের সুযোগ পেত না।
বহনযোগ্য সিডি প্লেয়ার ও ক্যাসেট টেপ জেন জিদের বেশির ভাগ সদস্য স্ট্রিমিং সেবার সুবিধা নিয়ে বড় হয়েছে। তবে মিলেনিয়াল ও বয়স্ক জেন জিরা ক্যাসেট, ভিসিআর ও বহনযোগ্য সিডি প্লেয়ারের অভিজ্ঞতা মনে করতে পারবেন। স্ট্রিমিংয়ে অসংখ্য গান শোনার সুযোগ থাকলেও অ্যালবামের ফিজিক্যাল কপি কেনা, হাতে নিয়ে দেখা এবং বারবার শোনার আনন্দ ছিল আলাদা।
ভিডিও ভাড়ার দোকানে যাওয়া জেন জিদের আগের প্রজন্মের কাছে ভিডিও ভাড়ার দোকানে যাওয়া ছিল বড় হয়ে ওঠার পরিচিত অভিজ্ঞতা। ছুটির দিনে দেখার জন্য সিনেমা বেছে নিতে তারা স্থানীয় দোকানে যেতেন। নেটফ্লিক্সসহ বিভিন্ন স্ট্রিমিং সেবা চালুর আগে নতুন সিনেমা দেখতে মিলেনিয়ালদের বাড়ির বাইরে যেতে হতো। এতে সময় বেশি লাগলেও পুরো প্রক্রিয়াটিই ছিল আনন্দের, যা সহজে ভোলার নয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়াই কর্মজীবন শুরু করা মিলেনিয়ালরা ১৯৯০-এর দশকের শেষ ভাগ থেকে ২০১০-এর দশকের মাঝামাঝি সময়ে কর্মজীবনে প্রবেশ করেছেন। এ সময় অর্থনীতিতে উত্থানের পাশাপাশি নানা সংকটও দেখা দিয়েছে। কেউ ২০০০-এর দশকে ওয়েবসাইটের প্রসার ও ২০১০-এর দশকে ব্লগিংয়ের জনপ্রিয়তা থেকে সুবিধা পেয়েছেন। আবার কেউ ২০০৭ থেকে ২০০৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দাসহ নানা প্রতিকূলতার মুখে পড়েছেন। তবে মিলেনিয়ালরা এমন এক সময়ে কর্মজীবন শুরু করেছেন, যখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অস্তিত্ব ছিল না। চাকরির বাজার বা বিশ্ব অর্থনীতিতে এই প্রযুক্তির সম্ভাব্য প্রভাব নিয়েও তখন বড় কোনো অনিশ্চয়তা ছিল না।
অস্তিত্ব নিয়ে কম অনিশ্চয়তার মধ্যে বেড়ে ওঠা মিলেনিয়ালদের জীবনও সহজ ছিল না। অন্য যেকোনো প্রজন্মের মতো তাদের মধ্যেও কেউ কেউ অন্যদের তুলনায় কম প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। তবে সামগ্রিকভাবে আগের প্রজন্মের তুলনায় জেনারেশন জেডকে অস্তিত্ব ও ভবিষ্যৎ নিয়ে বেশি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। জলবায়ু পরিবর্তনের বাস্তবতা, বন্দুক সহিংসতা বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে মানসিক স্বাস্থ্যের ওপর তৈরি হওয়া অজানা ঝুঁকি—সব মিলিয়ে জেন জিদের সামনে অস্তিত্বসংকটের বিষয়গুলো বেশি প্রকট হয়েছে।
ইন্টারনেট থেকে তৈরি হওয়া হতাশাবাদী মনোভাবের মধ্যে বেড়ে ওঠা এই প্রজন্মের কাছে ‘মিলেনিয়াল আশাবাদ’ একই সঙ্গে বিব্রতকর ও ঈর্ষণীয় মনে হওয়ার পেছনে হয়তো এটিও একটি কারণ। তবে মিলেনিয়ালরাও জেন জিদের মতো একই প্রশ্ন ও অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছেন। পার্থক্য শুধু, তাদের বয়স এখন কিছুটা বেশি। শেষ পর্যন্ত বিষয়টি পছন্দ হোক বা না হোক, আমরা সবাই একই বাস্তবতার অংশ।
সূত্র: মেন্টাল ফ্লস
Source: জাগো নিউজ২৪






