সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্য এবং দেশের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। একই সঙ্গে ভারতীয় সেনা ও নিরাপত্তাকর্মীদের সাহস ও দায়িত্ববোধের প্রশংসা করেছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন এই অভিনেতা।

অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো নিরীহ মানুষদের প্রতি শ্রদ্ধা জানান শাহরুখ। তিনি ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা, ২০২৫ সালে পহলগামে সন্ত্রাসী হামলা এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণের প্রসঙ্গ তোলেন। এসব ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তিনি। পাশাপাশি এসব ঘটনায় শহিদ হওয়া সাহসী নিরাপত্তাকর্মীদের প্রতিও সশ্রদ্ধ প্রণাম জানান অভিনেতা।

দেশের সেনাসদস্যদের দায়িত্ব ও আত্মপরিচয় নিয়েও কথা বলেন শাহরুখ। তাঁর ভাষ্য অনুযায়ী, কেউ তাঁদের পেশা সম্পর্কে জানতে চাইলে গর্বের সঙ্গে বলা উচিত যে তাঁরা দেশকে রক্ষা করেন। আয় কত—এমন প্রশ্নের জবাবে ১৪০ কোটি মানুষের আশীর্বাদকেই নিজের প্রাপ্তি হিসেবে তুলে ধরতে বলেন তিনি।

জওয়ানদের সাহসের প্রশংসা করে শাহরুখ আরও বলেন, যারা দেশকে আক্রমণ করে, ভয় আসলে তাদেরই। তাঁর এই বক্তব্যে নিরাপত্তাকর্মীদের আত্মবিশ্বাস ও সাহস ধরে রাখার বার্তা উঠে আসে।

শুধু সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোই নয়, দেশের মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলার আহ্বানও জানান এই অভিনেতা। তাঁর কথায়, জাতপাত, ধর্ম কিংবা অন্য কোনো ভেদাভেদ ভুলে সবাইকে মানবতার পথে এগিয়ে আসতে হবে। দেশের শান্তির জন্য বীরদের আত্মত্যাগ যেন কোনোভাবেই বৃথা না যায়, সেই প্রত্যাশাও জানান তিনি।

শান্তি প্রতিষ্ঠার শুরু ব্যক্তিমানুষের ভেতর থেকেই হওয়া প্রয়োজন—এ কথাও মনে করিয়ে দেন শাহরুখ। তিনি বলেন, শান্তি ও স্বস্তির সূচনা হয় নিজের ভেতর থেকে, হৃদয় থেকে। পৃথিবীর যে প্রান্তেই গেছেন, সেখানকার মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন বলেও জানান তিনি।

এদিকে কাজের দিক থেকে শিগগিরই মুক্তি পাওয়ার কথা শাহরুখ অভিনীত নতুন সিনেমা ‘কিং’-এর। ছবিটিতে তাঁর মেয়ে সুহানা খানও অভিনয় করেছেন। এ ছাড়া রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায় ও রাঘব জুয়াল।

Source: জাগো নিউজ২৪