ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক ও সুরকার জিৎ গঙ্গোপাধ্যায় তার মা মীনা গঙ্গোপাধ্যায়কে হারিয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়েছেন জিৎ।

মায়ের একটি ছবি প্রকাশ করে এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, ‘আমার মা, মিসেস মীনা গঙ্গোপাধ্যায়, আজ (শুক্রবার) সকাল ৯টায় পরলোকগমন করেছেন। আমার পৃথিবী শূন্য হয়ে গেল। এই মুহূর্তে ব্যক্তিগতভাবে সবার সঙ্গে যোগাযোগ করতে পারছি না বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সকলে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করবেন।’

মায়ের শেষকৃত্যে অংশ নিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে মুম্বাই থেকে কলকাতায় ফিরছেন এই সংগীত পরিচালক। শুক্রবার রাতে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে মীনা গঙ্গোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

জীতের মা ছিলেন তাঁর জীবনের অন্যতম বড় অনুপ্রেরণা। বিভিন্ন সময়ে মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি। তাঁর গানেও বিভিন্নভাবে উঠে এসেছে মায়ের প্রসঙ্গ।

এর আগে গত জুলাই মাসে মায়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছিলেন জিৎ। সেখানে মাকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন মা। তুমি আমার জন্য প্রার্থনা করতে, যখন আমি এই পৃথিবীর আলো দেখিনি। আর আজ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি— তুমি যেন সবসময় সুখী, সুস্থ ও হাসিখুশি থাকো। কারণ, তোমার হাসিই আমার দিনটিকে সুন্দর করে তোলে।’

মায়ের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে জিৎ গঙ্গোপাধ্যায়ের পরিবারে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সংগীতাঙ্গনের সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা জিতের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

Source: জাগো নিউজ২৪