রাজধানীর মোহাম্মদপুরে ২০২৪ সালের ৫ আগস্টের গণআন্দোলনে নিহত শহীদ ডা. কবিরুল ইসলামের মেয়ে সাফওয়ানা ইসলাম পৌষী সদ্য ঘোষিত এসএসসির ফলে কৃতিত্ব দেখিয়েছে। ডা. কবিরুল বাংলাদেশ মেডিকেলের সাবেক শিক্ষার্থী এবং ইস্পাহানী ইসলামিয়া আই হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ছিলেন।
মেয়েটির এই সাফল্যে শুভেচ্ছা জানাতে এবং পরিবারের সার্বিক খোঁজ নিতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম সম্প্রতি তাদের বাসায় যান। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন এবং পৌষীর ভবিষ্যৎ শিক্ষাজীবনে সাফল্য কামনা করেন।
সাক্ষাতের সময় পরিবারটি ডা. রফিকুলের মাধ্যমে সরকারের প্রতি অনুরোধ জানায়, যেন জুলাই জাদুঘরে শহীদ ডা. কবিরুলের স্মৃতি সংরক্ষণ করা হয়। পরিবারের সদস্যদের ভাষ্য, গণআন্দোলনে একজন চিকিৎসকের এই আত্মত্যাগের কথা আগামী প্রজন্মকে জানাতে তার স্মৃতি যথাযথভাবে ধরে রাখা জরুরি।
এ সময় ডা. সীমান্ত ও ডা. সাইফুল আলম বাদশাসহ বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।






