ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা হয়েছে বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর, গুলশান কেন্দ্রীয় আজাদ মসজিদে; দাফন বনানী কবরস্থানে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) কেন্দ্রীয় নেত্রী ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী।
সকালে কলাবাগানের বাসায় ফ্রিজিং গাড়িতে রাখা মরদেহের পাশে অশ্রুভেজা চোখে স্বামীকে বিদায় জানান দীপু মনি। দুপুর সোয়া ১২টার দিকে মরদেহ মসজিদে নেওয়া হয়।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বুধবার (১৯ আগস্ট) দুপুরে চার দিনের প্যারোল চান। তবে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেন—বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময়ের হত্যাকাণ্ডের একাধিক মামলার আসামি দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে ছিলেন। কিডনি ও লিভারের জটিলতায় ভোগা স্বামীর সঙ্গে কারাগারের বাইরে দেখা করার অনুমতি চেয়েও পাননি তিনি; শয্যাশায়ী তৌফিক নেওয়াজ বরং স্ট্রেচারে করে আদালতে গিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করতেন।






