মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ মেনে নিজেদের চরিত্র গঠনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান রেখেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী। তাঁর মতে, নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণের মধ্য দিয়েই আদর্শ নেতৃত্ব তৈরি হবে।
বুধবার (২৬ আগস্ট) মাগরিবের পর রাজধানীর ছালামবাগে রবিউল আউয়াল উপলক্ষে ‘সিরাতের আলোয় তরবিয়তি মাজলিস ও মতবিনিময় সভা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। আয়োজক ছিল ছাত্র জমিয়ত বাংলাদেশের জামিয়া আনওয়ারুল উলুম ছালামবাগ ক্যাম্পাস শাখা।
রিদওয়ান মাযহারী বলেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নবীজি (সা.)-এর মহান চরিত্রের প্রশংসা করেছেন এবং তাঁর জীবনকে মানবজাতির জন্য উত্তম আদর্শ হিসেবে তুলে ধরেছেন। তাই সিরাত কেবল জানা বা আলোচনার বিষয় নয়, নিজের জীবনে তা ধারণ করাই আসল কাজ বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষাজীবনকে চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে তিনি বলেন, এ সময় জ্ঞানের সঙ্গে সত্যবাদিতা, বিনয়, আমানতদারি, ধৈর্য, শৃঙ্খলা ও দায়িত্ববোধ রপ্ত করতে হবে; এসব গুণ বাস্তবে কীভাবে চর্চা করতে হয়, নবীজির জীবনই তা দেখিয়ে দেয়। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজের নানা স্তরে দায়িত্ব নেবে, তাই মেধার পাশাপাশি নৈতিকতার দিক থেকেও তাদের প্রস্তুত হতে হবে বলে মত দেন তিনি।
নবীজি (সা.)-এর আদর্শে বেড়ে ওঠা শিক্ষার্থীরা দায়িত্বশীল, ন্যায়পরায়ণ ও মানবকল্যাণমুখী হবে বলে মন্তব্য করেন ছাত্র জমিয়ত সভাপতি। তিনি বলেন, সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরিত নবীজির জীবন ব্যক্তিগত, সামাজিক ও সামষ্টিক জীবনের দিকনির্দেশনা দেয়; তাই কোরআন, হাদিস ও সিরাত পড়ে সে শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করতে হবে।
আল্লাহকে ভালোবাসার অন্যতম শর্ত রাসুলুল্লাহ (সা.)-এর অনুসরণ, কোরআনের এই নির্দেশনার কথা তুলে ধরে তিনি বলেন, নবীজির প্রতি ভালোবাসা তাঁর সুন্নাহ ও আদর্শ মেনে চলার মধ্য দিয়েই প্রকাশ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিয়া কাসিম নানুতবী রামপুরার শায়খুল হাদিস ও মুহতামিম মাওলানা যাইনুল আবিদীন। আয়োজক শাখার সভাপতি বেলায়েত হোসাইন সভাপতিত্ব করেন, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহাদী হাসান।






