পটুয়াখালীর দুমকি উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নতুন ঘোষিত আংশিক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের একাংশের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের বাদ দিয়ে কমিটিতে বিতর্কিত ও অরাজনৈতিক ব্যক্তিদের জায়গা দেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার জমজম রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন। সেখানে সাবেক কমিটির পদবঞ্চিত নেতারা উপস্থিত ছিলেন।
জসিম উদ্দিনের দাবি, গত ২৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কমিটিটি দলের গঠনতন্ত্র ও সাংগঠনিক নিয়ম মেনে হয়নি; রাজপথের ত্যাগী কর্মীদের উপেক্ষা করে দলের আদর্শের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন আছে এমন কয়েকজনকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। নতুন সভাপতি অনেক দিন সক্রিয় রাজনীতিতে ছিলেন না এবং সাধারণ সম্পাদকসহ কয়েকজনকে নিয়েও কর্মীদের মনে প্রশ্ন আছে বলে অভিযোগ করেন তিনি।
বক্তারা বলেন, এ কমিটি নিয়ে ত্যাগী কর্মীরা ক্ষুব্ধ, এতে সংগঠনের কাজ বাধাগ্রস্ত ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। তারা অবিলম্বে কমিটিটি বাতিলের পর যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন এবং কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ দাবি করেন। দাবি দ্রুত পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।






