উপজেলা পর্যায়ের ১৮৮ কর্মকর্তার কাছ থেকে জনপ্রতি এক লাখ ৪৬ হাজার টাকা হিসেবে মোট দুই কোটি ৭৬ লাখ টাকার দুর্নীতির হিসাব তুলে ধরে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টার পোস্টটি বুধবার (২ সেপ্টেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া হয়।

পোস্টে বলা হয়, একজন করে উপদেষ্টা, সচিব, যুগ্ম-সচিব ও উপ-সচিবসহ আরও অনেকে মিলে এ অর্থ নিয়েছেন। দুদক প্রমাণ পাওয়ার কথা বলছে উল্লেখ করে আসিফ মাহমুদ লেখেন, ‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ।’ বিষয়টি নিয়ে রাতে বিস্তারিত বলবেন বলেও জানান তিনি।

যেদিন পোস্টটি আসে, সেদিনই তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরুর খবর পাওয়া যায়। চারজনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক), যাদের মধ্যে আসিফ মাহমুদও আছেন; অভিযোগ হলো, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তার দায়িত্বকালে নিয়োগ, বদলি ও কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতি হয়েছে।

এ জন্য চার সদস্যের একটি দল গঠন করা হয়েছে বলে দুদক-সংশ্লিষ্টরা জানিয়েছেন।