জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদ থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সংগঠনটির পঞ্চম সাধারণ সভায় তার পদত্যাগপত্র গৃহীত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদ সদস্যদের মতামত নিয়ে সর্বসম্মতভাবে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে সংগঠনের সিনিয়র সহসভাপতি আহসান লাবীবকে। জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবীব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটেরও সদস্য।

পদত্যাগের কারণ জানিয়ে জাহিদ আহসান গণমাধ্যমকে বলেন, ‘আমার মা অসুস্থ। আমার পরিবারকে সময় দেওয়া দরকার।’ তিনি জানান, সামনে সংগঠনের কাউন্সিল, হাতে সময়ও কম; সাধারণ সভায় দীর্ঘ আলোচনার পর তাই পদ ছাড়ার সিদ্ধান্ত নেন।

ভবিষ্যতে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) মূল দলে যোগ দিয়ে রাজনীতিতে সক্রিয় থাকার পরিকল্পনার কথাও জানিয়েছেন জাহিদ আহসান।

একই সভায় সংগঠনটির প্রথম কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর এ কাউন্সিল হবে; প্রস্তুতি কমিটির প্রধানের দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) মহির আলম।