বিদ্যুৎ সংকট নিয়ে ফেসবুকে সমালোচনা করে পোস্ট দেওয়ার পর রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি আবু আবরার আলভীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নেওয়া সিদ্ধান্তটি অনুমোদন করেন জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ এবং সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি। দপ্তর সম্পাদক সানি আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জেলা ছাত্রদল সূত্র জানায়, গত ২৯ আগস্ট আলভী নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে লেখেন, ‘আগে বিদ্যুতের অনেক সমস্যা ছিল, এখন বিদ্যুৎই আর নেই।’ পোস্টটিকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে তাকে শোকজ করা হয় এবং লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।

আলভী ব্যাখ্যা জমা দিলেও তাতে সন্তুষ্ট হয়নি জেলা ছাত্রদল। এরপর ১ সেপ্টেম্বর তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়; বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিজের পোস্টের পক্ষে অবস্থান নিয়ে আলভী বলেন, তিনি মূলত জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে চেয়েছিলেন। তার দাবি, দেশের বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতারাও বিদ্যুৎ নিয়ে লিখেছেন, সেই ধারাবাহিকতায় তিনিও লিখেছেন; সাধারণ শিক্ষার্থী ও মানুষের কষ্টে সমবেদনা জানানো ছাড়া অন্য কোনো উদ্দেশ্য তার ছিল না।

আলভী জানান, শোকজের জবাব তিনি দিয়েছিলেন। নেতারা তাকে ১ সেপ্টেম্বরের মধ্যে ফেসবুকে ক্ষমা চেয়ে নতুন পোস্ট দিতে বলেছিলেন, কিন্তু তাতে ছাত্রদল নিয়ে মানুষের নেতিবাচক ধারণা হতে পারে ভেবে তিনি তাৎক্ষণিকভাবে তা না করে শোকজের জবাবের চিঠিটিই পোস্ট করেন। তার ভাষ্য, সময় নিয়ে ক্ষমা চাওয়ার পরিকল্পনা থাকলেও এর আগেই তাকে বহিষ্কার করা হয়।