সংগঠনের যেকোনো পর্যায়ের দায়িত্বশীল, সদস্য বা কর্মী ইসলাম, সংগঠনের আদর্শ-নীতিমালা কিংবা শৃঙ্খলার পরিপন্থী কাজে যুক্ত হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আসরের নামাজের পর রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকার বিভিন্ন ক্যাম্পাস শাখার দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিদওয়ান মাযহারী বলেন, ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত যেকোনো স্তরের দায়িত্বশীল, প্রাতিষ্ঠানিক সদস্য, কর্মী বা সমর্থক কোরআন-সুন্নাহ কিংবা সংগঠনের নীতির বিরুদ্ধে গেলে তার বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নিতে সংগঠন কোনো দ্বিধা করবে না। ক্যাম্পাস শাখা থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে এমন কর্মকাণ্ড থেকে পুরোপুরি দূরে থাকার আহ্বানও জানান তিনি।
ইসলাম, জমিয়ত ও ছাত্র জমিয়তের স্বার্থের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আদর্শ ও নৈতিকতার প্রশ্নে কোনো আপস করা হবে না।’ পদ-পদবি, পরিচয় বা সংগঠনে অবস্থান দেখিয়ে কেউ অনৈতিক কিংবা আদর্শবিরোধী কাজ আড়াল করতে পারবে না এবং কারও প্রতি পক্ষপাত বা প্রশ্রয় দেখানো হবে না বলেও জানান তিনি।
প্রত্যেক দায়িত্বশীলকে নৈতিকতা, শিষ্টাচার, ইসলামী চেতনা ও জমিয়তের আদর্শে অটল থাকার তাগিদ দেন ছাত্র জমিয়ত সভাপতি। তার মতে, নেতাদের ব্যক্তিজীবন ও সাংগঠনিক আচরণে ইসলামের সৌন্দর্য ও সংগঠনের আদর্শ ফুটে ওঠাই সংগঠনের চাওয়া। ব্যক্তিগত স্বার্থ পেছনে রেখে বৃহত্তর সাংগঠনিক স্বার্থে একজোট হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি; তিনি জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব। দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন ছিলেন বিশেষ অতিথি।
জামিয়া মাদানিয়া বারিধারা, জামিয়া সুবহানিয়া, জামিয়া মাহমুদিয়া মানিকনগর, মিরপুরের মাযহারুল উলূম ও যাত্রাবাড়ী মাদ্রাসাসহ ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা সভায় অংশ নেন।






