ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচন সামনে রেখে আট সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তির কাজে সমন্বয় করা এবং আসন্ন নির্বাচনটি পর্যালোচনার দায়িত্ব এই কমিটিকে দেওয়া হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে সংসদ সদস্য মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে। সদস্যসচিবের দায়িত্বে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।
সদস্য হিসেবে রয়েছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম ও প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার এবং মো. আবদুস সাত্তার পাটোয়ারী।






