গত ছয় মাসে বিএনপি সরকারের উল্লেখ করার মতো কোনো সাফল্য নেই বলে দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তাঁর মতে, ৫০ হাজার ফ্যামিলি কার্ড আর দেড় শ টাকার লাঞ্চের গল্পের বাইরে সরকারের দেখানোর কিছু নেই।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের ছয় দফা দাবির লংমার্চ শুরুর সমাবেশে তিনি এ কথা বলেন।

মঞ্জুর অভিযোগ, ৩১ দফার স্বপ্ন দেখানো ও জুলাই সনদ হুবহু বাস্তবায়নের অঙ্গীকার করা দলটির কাজে মানুষ ইতিমধ্যে হতাশ। গণভোটের রায় না মানা, ওয়াদা ভেঙে বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো আর ব্যাপক দলীয়করণের পর মানুষ তাদের বিশ্বাস করবে কীভাবে—সে প্রশ্নও তোলেন তিনি।

তাঁর দাবি, অসহনীয় লোডশেডিং ও ভৌতিক বিদ্যুৎ বিলে ক্ষুব্ধ মানুষ বিএনপিকে ভোট দিয়ে এখন আফসোস করছে। জনরায় উপেক্ষার পুরোনো রাজনীতি এবং গালিগালাজের সংস্কৃতি—দুটোই ছাড়ার আহ্বান জানান তিনি।

জোটের অন্য নেতারাও সরকারের সমালোচনা করে ছয় দফা বাস্তবায়নের দাবি জানান। বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ বীরবিক্রম ও খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক প্রমুখ।