গ্যাস ও বিদ্যুতের দাবিতে লংমার্চ করে কোনো ফল মিলবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দায়িত্বে থাকা প্রশাসক আব্দুস সালাম। তার ভাষায়, ১১ দলীয় ঐক্য এই কর্মসূচিতে যে পেট্রোল ও গ্যাস খরচ করছে, তা কেবলই অপচয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে আয়োজিত বর্জ্যের বিনিময় বাজার কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম জানান, সরকারের উদ্যোগের বাইরে আর কী করা যায়, সে বিষয়ে বিরোধী দলের পরামর্শ চাওয়া হয়েছে; অথচ হাজার হাজার গাড়িতে পোড়ানো জ্বালানি কিনতেও ডলার লাগে।

দেশের মানুষের কথা ভাবার আহ্বান জানিয়ে তিনি অভিযোগ করেন, বিরোধী দল শুধু বক্তৃতা দেয়, পরিচ্ছন্নতা বা আবর্জনা দূর করার কোনো কর্মসূচি তারা দেয়নি।

তার দাবি, গ্যাস-বিদ্যুতের সংকট আগের সরকারের রেখে যাওয়া, ঋণের বোঝা নিয়ে ক্ষমতায় আসা সরকার রাতারাতি সব সমাধান করতে পারে না। তবু ৬ মাসেই রেকর্ড পরিমাণ ঋণ শোধ করায় বিরোধী দলের উচিত সরকারকে ধন্যবাদ দেওয়া বলে মন্তব্য করেন তিনি।