ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির অভিযোগ এনেছেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামী, যিনি বিশ্ববিদ্যালয়টির লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক। তার দাবি, অভিযুক্তদের একজন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী বা সমর্থক।
ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক পোস্টে তিনি জানান, সারা দিন বাসা বদলের ধকল সামলে ঘুমানোর আগে ফেসবুকে ঢুকে দেখেন, ঢাবির কিছু ছাত্র ক্লাসের মেয়েদের নিয়ে আপত্তিকর কথা লিখেছে এবং সেই হয়রানির তালিকায় তিনিও আছেন।
মোনামী লেখেন, অভিযোগ জানানোর জন্য একজন ছাত্রের কাছ থেকে সংশ্লিষ্টদের বিস্তারিত তথ্য নিয়েছেন এবং নিজের দিক থেকে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সকাল পর্যন্তও অপেক্ষা না করে তাকে বারবার ট্যাগ করে খোঁচা ও কটূক্তি করা হচ্ছে বলে অভিযোগ তার।
তার ভাষ্য, যারা এসব করছেন তারাও ঢাবির ছাত্র। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং আগে শিবিরকে ভালো বলায় তাকে নতুন করে নাজেহাল করা হচ্ছে বলে মনে করেন তিনি। ইংরেজিতে তিনি লেখেন, একজন নারীকে হয়রানি করতে এদের কেবল একটা অজুহাত দরকার, তিনি যে-ই হোন।
এমন শিক্ষার্থীদের পড়াতে হয় বলে হতাশা প্রকাশ করে মোনামী লেখেন, মাঝে মাঝে তার চাকরি বদলাতে ইচ্ছা করে, হয়তো কোনো দিন বদলাবেনও। পোস্টের শেষে আল্লাহর কাছে ধৈর্য চেয়ে দোয়া করেন তিনি।






