এবি পার্টির (আমার বাংলাদেশ পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেছেন, দেড়শ টাকার লাঞ্চের গল্প ও ৫০ হাজার ফ্যামিলি কার্ডের বাইরে গত ছয় মাসে বিএনপি সরকারের উল্লেখ করার মতো কোনো সাফল্য নেই।
মতিঝিলের শাপলা চত্বরে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জুলাই গণহত্যার বিচার ও গণভোটের গণরায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে এই লংমার্চ।
মঞ্জুর ভাষ্য, ৩১ দফার স্বপ্ন দেখানো এবং জুলাই সনদ হুবহু বাস্তবায়নের অঙ্গীকার করা দলের কাজে মানুষ এরই মধ্যে হতাশ। গণভোটের রায় অমান্য, বিদ্যুৎ-গ্যাসের দাম না বাড়ানোর ওয়াদা ভেঙে দাম বৃদ্ধি এবং ব্যাপক দলীয়করণের অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেন, এমন দলকে জনগণ কীভাবে বিশ্বাস করবে।
তার দাবি, বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আক্ষেপ করছে; লোডশেডিং ও ভৌতিক বিদ্যুৎ বিলে ক্ষুব্ধ অনেকে অশ্লীল গালাগালও করছে। জনরায় উপেক্ষার পুরোনো রাজনীতি ও গালিগালাজের সংস্কৃতি—দুটিই ছাড়ার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, যেকোনো বাধা পেরিয়ে লংমার্চ গন্তব্যে পৌঁছাবে এবং জনগণের অধিকার নিয়ে যে-ই ছিনিমিনি খেলুক, ছাড় পাবে না।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার বাধা দিলে সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে এবং ১১ দলের ছয় দফা তখন এক দফায় পরিণত হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের অভিযোগ, সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে; ক্ষমতায় বসে জাতিকে বিপথে চালানোর চেষ্টা হলে সরকারকে টেনে নামাতে তারা দ্বিধা করবেন না বলে মন্তব্য করেন তিনি।






