ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ অন্তত আটজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে, বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, বিএনপি নেতা ও বগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাকিবুল ইসলাম খান দিপুর সমর্থকদের সঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি জামির হোসেনের অনুসারীদের অনেক দিনের বিরোধ রয়েছে। শনিবার সকালে দলিলপুর মাঠে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি, পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে; ভাঙচুর করা হয় কয়েকটি বাড়িঘর।
আহতদের মধ্যে আছেন হামিদ শেখ (৭৫) ও তার ছেলে শফিকুল ইসলাম (৪৫)। অন্যরা হলেন রতন শেখ (৩৫), ইসমাইল শেখ (৪০), ইকবল হোসেন (৪৫), লালচাঁদ হোসেন, রাজীব হোসেন (১২) ও শিক্ষার্থী বাপ্পি শেখ (১৯)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।
সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে দলিলপুরে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি হুমায়ুন কবির মোল্লার ভাষ্য, গ্রামটি এখন শান্ত।






