বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর স্বার্থে নয়, দেশের মানুষের অধিকার আদায়েই তারা রাস্তায় নেমেছেন বলে জানান তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিল থেকে রওনা হওয়া লংমার্চ নারায়ণগঞ্জের কাঁচপুরে পৌঁছালে সেখানকার পথসভায় তিনি এসব কথা বলেন।
সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করে তিনি যেকোনো বাধা পেরিয়ে গন্তব্যে পৌঁছানোর অঙ্গীকার করেন। দাবি আদায়ের পথে প্রতিবন্ধকতা এলে আন্দোলন আরও জোরালো হবে বলেও জানান তিনি।
জুলাই গণহত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রামমুখী এই লংমার্চ করছে ১১ দলীয় ঐক্য।
এর আগে সকাল ৭টায় শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ হয়, আর সাড়ে ৮টার দিকে বিপুলসংখ্যক গাড়ি নিয়ে চট্টগ্রামের পথে রওনা দেন নেতাকর্মীরা।






