বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, তাদের ওপর ‘অত্যাচারের স্টিম রোলার’ চালানো হলেও তারা দেশ ছেড়ে কোথাও আশ্রয় খোঁজেননি। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লংমার্চের পথে ফেনীর মহীপালে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, বিদেশে তাদের কোনো পিসি বা দাদার বাড়ি নেই; দুঃসময়েও তারা মাটি কামড়ে দেশেই থেকেছেন। তরুণদের উদ্দেশে তিনি বলেন, তাদের ভবিষ্যৎ গড়ার কাজেই বাকি জীবন দিতে চান, যাতে দেশে আল্লাহ ছাড়া আর কারও ভয় না থাকে।
সরকারের বিরুদ্ধে শুরু থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন জামায়াত আমির। তার ভাষ্য, গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হলেও সরকার একটির ফল মানছে, অন্যটি মানছে না, এ জন্য তাদের করুণ পরিণতি ভোগ করতে হবে।
তিনি বলেন, সরকারের ছয় মাস পেরিয়ে গেলেও বিচারের কোনো অগ্রগতি নেই; যেটুকু হয়েছে, তা ড. ইউনূসের সময়ে। পিলখানায় ৫৭ জন চৌকস অফিসার হত্যা, জুলাই গণহত্যা ও শাপলা চত্বরের ঘটনার বিচার দাবি করে তিনি অভিযোগ করেন, সরকার এসব প্রশ্নে অচল হয়ে বসে আছে।
বিরোধী দলকে চোখ রাঙানো হচ্ছে অভিযোগ করে শফিকুর রহমান প্রশ্ন তোলেন, অনুমতি ছাড়া যখন ১০ জন মানুষও রাস্তায় নামতে পারত না, তখন তারা কোথায় ছিলেন। তার দাবি, পুরোনো ফ্যাসিবাদ হটাতে সাড়ে ১৫ বছর লাগলেও নতুন করে যারা ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চাইবে, তাদের বিদায় করতে অত সময় লাগবে না।
দলীয় কোনো দাবিতে নয়, নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শুনেই তারা মাঠে নেমেছেন বলে জানান জামায়াত আমির। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আঘাত এলে পাল্টা আঘাতের জন্যও তৈরি থাকতে হবে, আর বিরোধী দলের সহযোগিতা পেতে হলে সরকারকে ছয় দফার সবকটি মানতে হবে।
ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান পথসভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন দলের নেতারা। পথসভা শেষে তারা গাড়িবহর নিয়ে চট্টগ্রামের পথে রওনা দেন।






