ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের কারণে মানুষের যে সাময়িক দুর্ভোগ হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। ৫ সেপ্টেম্বরের কর্মসূচিটি সফল হওয়ায় দেশের মানুষসহ সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছে জোটটি।

রোববার (৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারের সংকট দূর করা, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ, চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলার উন্নতি এবং সংকীর্ণ দলীয়করণের অবসানের দাবিতে লংমার্চটি শান্তিপূর্ণভাবে হয়েছে।

কর্মসূচিতে সহযোগিতার জন্য দেশবাসী, জোটের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, পুলিশ ও বেসামরিক প্রশাসন, ট্রাফিক বিভাগ, জেলা প্রশাসন, গণমাধ্যমকর্মী, পথের যাত্রী ও পথচারী, রাস্তার পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানানো মানুষ, ছোট ব্যবসায়ী-দোকানি এবং সড়ক বিভাগের সংশ্লিষ্টদের ধন্যবাদ দেন তিনি। আর কর্মসূচির জেরে মানুষের যে কষ্ট হয়েছে, সে জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

বিবৃতিতে পরওয়ারের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামের লালদীঘি ময়দান পর্যন্ত সড়কের দুই ধারে লাখ লাখ মানুষ দাঁড়িয়ে বহরকে স্বাগত জানিয়েছেন। তার মন্তব্য, পথসভাগুলোতে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখিয়েছে যে জোটের দাবিগুলো কোনো দলের নয়, জনগণের প্রাণের দাবি।

সামনের কর্মসূচিগুলোতে দেশবাসী আরও বেশি করে যুক্ত হবেন বলে আশা প্রকাশ করেন গোলাম পরওয়ার। জোট জানিয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর একই ধাঁচে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ হবে; তা সফল করতে নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানান তিনি।