জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ চলাকালে জামায়াতে ইসলামীর আমিরের গাড়িবহরকে লাল কার্ড দেখিয়েছেন ছাত্রদলের এক নেতা। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বহরটি মিরসরাইয়ে ঢুকলে মহাসড়কের ডিভাইডারে বসে তিনি কার্ডটি তুলে ধরেন।

লাল কার্ড হাতে থাকা ওই যুবক তৌহিদুল ইসলাম নিশান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মিরসরাই উপজেলা ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য। দলীয় সূত্রের ভাষ্য, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বহর লক্ষ্য করে কার্ড দেখানোর ভিডিও নিশান নিজের ফেসবুক আইডিতে আপলোড করার পরই তা ভাইরাল হয়।

মন্তব্যের জন্য নিশানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ প্রশংসা, কেউ সমালোচনা করছেন।

মিরসরাই উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মুহাম্মদ ফরহাদ হোসাইন বলেন, নিশান পৌরসভা ছাত্রদলের সদস্য; জামায়াতের ভণ্ডামির বিরুদ্ধে তার লাল কার্ড দেখানো প্রশংসার যোগ্য। উপজেলা ছাত্রদলের ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক তরিকুর রহমান বাবুর অভিযোগ, তেল-গ্যাসের গাড়িতে চড়ে লংমার্চের নামে জামায়াত ভণ্ডামি করছে; গণতান্ত্রিক দেশে এভাবেই প্রতিবাদ হয় বলে নিশানের কাজকে প্রশংসনীয় বলেন তিনি।