মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আবুল কালাম আযাদের আপিল শুনানির জন্য গৃহীত হবে কি না, সে বিষয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) আদেশ হচ্ছে না। আপিল বিভাগে অন্য একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি থাকায় আদেশ পিছিয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক।
এর আগে গত ৩১ আগস্ট আপিল বিভাগ এ বিষয়ে আদেশের জন্য ৭ সেপ্টেম্বর তারিখ রেখেছিলেন। সেদিন আপিলকারীর পক্ষে ব্যারিস্টার এহসান এ সিদ্দিক শুনানি করেন এবং রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। তারও আগে আবুল কালাম সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করে বিলম্ব মার্জনা এবং আপিলের নিষ্পত্তি পর্যন্ত সাজা স্থগিত রাখার আবেদন জানান।
জামায়াতে ইসলামীর সাবেক সদস্য আবুল কালামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ফরিদপুরের বিভিন্ন জায়গায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে আওয়ামী লীগ সরকারের সময় গঠিত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পলাতক থাকাকালে ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন; স্বাধীনতার ৪১ বছর পর গঠিত এ ট্রাইব্যুনালের সেটিই ছিল প্রথম রায়।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের অক্টোবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিয়ে তার মৃত্যুদণ্ড এক বছরের জন্য স্থগিত করে, যার আগেই তার দেশে ফেরার খবর মেলে। চলতি বছরের ২১ জানুয়ারি আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালে গেলে আসামিকে প্রয়োজনীয় নথির সত্যায়িত অনুলিপি দেওয়ার আদেশ দেন ট্রাইব্যুনাল। সঙ্গে জানানো হয়, আপিল বিভাগের যথাযথ আদেশ না আসা পর্যন্ত তিনি যেমন আছেন তেমনই থাকবেন।






