সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকেই তাকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যেতে জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারগুলোই যথেষ্ট বলে মন্তব্য করেছেন সারজিস আলম। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টে জেলা এনসিপির সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

সারজিস বলেন, জুলাইয়ের আন্দোলনে বহু মানুষ স্বজন হারিয়েছেন, আহত হয়েছেন অনেকে; সেই ক্ষত এখনো বয়ে চলেছে তাদের পরিবার। সাবেক প্রধানমন্ত্রীর উদ্দেশে সারজিস বলেন, ‘শেখ হাসিনার মৃত্যু থেকে দাফন- কোনোটাই এই বাংলাদেশের মাটিতে হবে না।’

সরকারের কার্ড কর্মসূচি নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তার দাবি, ফ্যামিলি কার্ডসহ নানা রকম কার্ড বিতরণের ঘোষণা দিয়েছিল সরকার, যার জন্য কেবল কার্ড তৈরির প্রকল্পেই রাখা হয় ২৪২ কোটি টাকা; কিন্তু ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সম্ভব নয় বুঝতে পেরে সরকার এখন এ নিয়ে তেমন কথা বলছে না।

তিনি বলেন, শুরু থেকেই যে প্রকল্পের বাস্তবায়ন অনিশ্চিত, জনগণের টাকায় তেমন প্রকল্প নেওয়া উচিত নয়। জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে বাস্তবসম্মত পরিকল্পনার ভিত্তিতে প্রকল্প হাতে নেওয়ার ওপর জোর দেন তিনি।

পরে কর্মশালায় সাংগঠনিক কাজ, ভবিষ্যৎ পরিকল্পনা ও জেলায় দল গোছানোর বিষয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা সরোয়ার তুষার, সংরক্ষিত আসনের এমপি ডা. মাহমুদা আলম মিতু এবং কেন্দ্র ও জেলার অন্য নেতারা।