ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আর ইসলামী দল বলা যায় না। তার দাবি, লোগো থেকে আকিমুদদ্বীন কথাটি তুলে দেওয়ায় সেখানে ইসলামের উল্লেখই আর নেই।
কুষ্টিয়া শহরের ফজলুল উলম মাদ্রাসায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে চরমোনাই পীর বলেন, গত নির্বাচনের ইশতেহারে ইসলাম অনুযায়ী দেশ চালানোর অঙ্গীকার জামায়াত করেনি, আর দলটির আমির তখন শরিয়া নয়, প্রচলিত আইনে দেশ চালানোর কথা বলেছিলেন।
১১ দলের লংমার্চ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য, বিদ্যুৎসহ নানা দাবিতে লংমার্চ করে ফিরে জামায়াতের আমির সংসদে বলেছেন, বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের তৈরি নয়; তাহলে এত তেল-গ্যাস পুড়িয়ে লংমার্চ কেন—এ প্রশ্ন তুলে একে দ্বিমুখী আচরণ বলেন তিনি।
ক্ষমতাসীন বিএনপির বিরুদ্ধেও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনেন চরমোনাই পীর। তার দাবি, নির্বাচনের আগে শরিয়াবিরোধী আইন না করার অঙ্গীকার করলেও দলটি তা রাখছে না, সংসদে এরই মধ্যে তেমন আইন অনুমোদিত হয়েছে।
সরকার শরিয়াবিরোধী আইন থেকে সরে না এলে ‘আমরা প্রতিবাদে নামতে বাধ্য হব’ বলে হুঁশিয়ারি দেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।






