চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর মহড়া চলার সময় ট্যাংকের গোলাবর্ষণে ঘটে যাওয়া দুর্ঘটনায় দুই সেনাসদস্যের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওই ঘটনায় একজন সেনা কর্মকর্তাও গুরুতর আহত হয়েছেন।

সাবেক এমপি ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বুধবার (০৯ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে জানান, ওই দিন হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনের সময় আকস্মিক এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই সেনাসদস্যের জন্য গভীর শোক এবং আহত কর্মকর্তার প্রতি সমবেদনা জানান তিনি।

বিবৃতিতে নিহতদের শহীদ হিসেবে কবুলের জন্য দোয়া করেন জামায়াতের এই নেতা এবং তাদের শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানান। আহত সেনা কর্মকর্তার দ্রুত সেরে ওঠা কামনা করে তার উন্নত চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।