কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুলশানে মিছিলের জন্য সরকারকে দায়ী করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দেওয়া এক পোস্টে তিনি এ সমালোচনা করেন।

পোস্টে তাঁর দাবি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর চাওয়াতেই ‘পতিত স্বৈরাচার নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল দিতে পারে’।

এর আগে শুক্রবার গুলশানে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। সেখান থেকে মো. আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯) নামের দুজনকে আটক এবং পাঁচটি ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দুপুর পৌনে ১২টার দিকে ৩ নম্বর সড়কের একটি গলিতে ১৫০-২০০ নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের দিকে ককটেল ছোড়া হয়; পরে দুটি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।