নারীর প্রকৃত অধিকার, মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠায় চলতি সেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী উইং সক্রিয় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহিলা ও পরিবার বিষয়ক উপকমিটির এক বৈঠকে তিনি এ কথা জানান।

তাঁর মতে, নারীর অধিকার ও মর্যাদার প্রশ্ন ঘিরে নারীবাদ নামে পৃথক একটি আন্দোলন গড়ে উঠলেও সেটি নারীর স্বার্থের চেয়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবেই বেশি ব্যবহৃত হয়েছে। বাংলাদেশে এ নামে বহু সংগঠন ও সভা-সমিতি হলেও নারীর নিরাপত্তা, অধিকার ও সম্মানের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে ইসলামী আন্দোলন কাজ করতে চায় বলেও জানান মহাসচিব।

বৈঠকে ছাত্রী উইংয়ের আনুষ্ঠানিক ঘোষণা, দেশজুড়ে সব শাখায় নারী সদস্যদের কার্যক্রমে যুক্ত করা এবং নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ গড়তে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম এবং মাওলানা শেখ ফজলুল করীম মারুফ বৈঠকে উপস্থিত ছিলেন। ছাত্রী ও মহিলা ইউনিটের নেতারাও এতে অংশ নেন।