জাতীয় নির্বাচন ও পরের বিভিন্ন কর্মসূচিতে জোট বেঁধে মাঠে থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোট ছাড়াই লড়বে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন পর্যন্ত সব স্তরে দলীয় প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে অংশ নেওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার ভাষ্য, নির্বাচনমুখী দল হিসেবে জামায়াত সাংগঠনিক প্রস্তুতি সেরে রেখেছে; মাঠপর্যায়ে প্রার্থী মনোনয়ন এখন শেষ ধাপে, অনেক এলাকায় দলের ভেতরে প্রার্থীর নামও জানানো হয়েছে।
ঢাকার দুই সিটি করপোরেশনেও জামায়াত একাই লড়বে জানিয়ে পরওয়ার বলেন, দুই সিটির প্রার্থী সাংগঠনিকভাবে ঠিক হয়ে গেছে, যথাসময়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এরই মধ্যে ঢাকা উত্তরে সেলিম উদ্দিন ও দক্ষিণে সাদিক কায়েমের নাম সংবাদমাধ্যমে এসেছে।
জোটগতভাবে যাওয়া হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ১১ দলীয় ঐক্য গড়ে উঠেছিল জাতীয় নির্বাচন ঘিরে, নির্বাচনের পরও ১১ দল মিলে আন্দোলনের কর্মসূচি দেওয়া হচ্ছে। তবে শীর্ষ নেতাদের বোঝাপড়া অনুযায়ী স্থানীয় ভোটে প্রতিটি দল নিজের প্রার্থী দেবে; তার কথায়, ‘স্থানীয় নির্বাচনে জোটগত কোনো প্রার্থী হবে না।’






