প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন দাবি করেছেন, বিরোধী দলের লংমার্চকে ঘিরে পরিকল্পিত নাশকতার মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের বেশে কর্মসূচিতে ঢুকে দলটি নাশকতার ছক কষছে।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, গত ১৬ বছরে প্রশাসনসহ রাষ্ট্রের বেশির ভাগ খাতে যে আওয়ামীকরণ হয়েছে, তা থেকে দেশকে রক্ষায় বৃহত্তর জাতীয় ঐক্যের বিকল্প নেই। তবে রাষ্ট্র পুনর্গঠনে বিরোধী দলের মনোযোগ দেখা যাচ্ছে না মন্তব্য করে তিনি দাবি করেন, উল্টো তাদের নানা হঠকারী কর্মসূচি আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে।

তথ্য পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, নিজের ব্যানারে কিছু করার সামর্থ্য না থাকায় আওয়ামী লীগ সাধারণ বেশে লংমার্চে মিশে পরিকল্পিত নাশকতার পাঁয়তারা করছে। লংমার্চের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, ঢাকা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের রংপুর পর্যন্ত পুরো পথের দুই পাশে আইনশৃঙ্খলা বাহিনী দাঁড় করিয়েও কি পূর্ণ নিরাপত্তা দেওয়া সম্ভব; যদিও পরিস্থিতি সে দিকেই গড়াচ্ছে বলে মনে করেন তিনি।

রাশেদ খাঁনের আশঙ্কা, বিরোধী দলের কর্মসূচি পাহারা দিতে সরকারি দলের লোকজনকেও মাঠে নামতে হতে পারে। কারণ হিসেবে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো অঘটন ঘটালে বর্তমান বিরোধী দল তার দায় বিএনপি সরকারের ওপর চাপানোর চেষ্টা করবে; শহীদ ওসমান হাদির হত্যার সময়ও এমনটা করা হয়েছিল বলে তার দাবি, যদিও তখন বিএনপি ক্ষমতায় ছিল না।

পোস্টের শেষ অংশে তিনি বিরোধী দলকে শিশুসুলভ জেদ না ধরে পরিস্থিতি ও বাস্তবতা বুঝে কর্মসূচি নেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, ‘নতুবা আপনাদের ভুলের খেসারত পুরো জাতিকে দেওয়া লাগতে পারে।’