এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষ্য, তাঁরা সরকারকে সংস্কারের পথে যেতে বলেছিলেন, কিন্তু সরকার দিল্লি ও শেখ হাসিনার পথ ধরেছে। তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনার পথে চললে সেই পথেই মোদির সঙ্গে তাঁর দেখা হবে।
১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে পথসভা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাটওয়ারী।
তিনি জানান, তাঁদের শীর্ষ নেতারা বলছেন আট দফা দাবি এক দফায় পরিণত হবে, আর তা হলো তারেক রহমানের সরকারের পদত্যাগ। সরকারকে শিশু সরকার ও বিষধর সাপ আখ্যা দিয়ে তিনি মানুষের সঙ্গে গাদ্দারির অভিযোগ আনেন।
আওয়ামী লীগের কিছু ভোটব্যাংকের জোরে ক্ষমতায় বসে যা খুশি করা যাবে, এমন বাংলাদেশ আর দেখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে হ্যাঁ রায় দিয়েছে উল্লেখ করে পাটওয়ারী বলেন, ‘এ রায়ের বাস্তবায়ন ছাড়া বিকল্প কোনো পথ আমরা তারেক রহমানের সামনে রাখবো না।’
পথসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মওলানা শাহীনুর আলম। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও খেলাফত মজলিসের আমির মওলানা মামুনুল হকসহ জোটের নেতারাও সেখানে বক্তব্য দেন।






