রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের লং মার্চ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী সমাবেশ। সমাবেশ শেষে বহরটি রংপুরের উদ্দেশে যাত্রা করবে বলে জানা গেছে।

জুলাই গণহত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন, জ্বালানি ও সার সংকটের সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি দিয়েছে জোটটি।

সঞ্চালনার দায়িত্বে আছেন ড. রেজাউল করিম, যিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি। ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির।

বিশেষ অতিথির তালিকায় আছেন নাহিদ ইসলাম এমপি (বিরোধীদলীয় চিফ হুইপ), কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম (এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী), আল্লামা মামুনুল হক (বাংলাদেশ খেলাফত মজলিসের আমির) এবং মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল)। জোটভুক্ত অন্য দলগুলোর শীর্ষ নেতাদেরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।