যাত্রার শুরু থেকেই ধারাবাহিক ভুল সিদ্ধান্তে সরকার মানুষের আস্থা হারিয়েছে এবং বারবার ভুলে জনগণের অনাস্থা আরও বেড়েছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির (আমার বাংলাদেশ পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরুর সমাবেশে তিনি বক্তব্য দেন। তাঁর ভাষায়, সরকারের যাত্রাই শুরু হয়েছিল ভুল দিয়ে।
গণরায় কার্যকর না হলে বিএনপির জন্য দুটি নতুন নাম ঠিক করা আছে বলে মন্তব্য করেন তিনি, ‘বিশ্বাস নাই পার্টি’ বা ‘বিশ্বাসহীন পার্টি’ এবং ‘বিশ্বাস নষ্ট পার্টি’। তাঁর ভাষ্য, গুম-খুনসহ অন্যান্য অপরাধের বিচার নিশ্চিত না হলে মানুষ দলটিকে ‘বিচার না করা পার্টি’ এবং বিদ্যুৎ দিতে ব্যর্থ হলে ‘বিদ্যুৎ নাই পার্টি’ বলবে। সব মিলিয়ে জনগণকে সঙ্গে নিয়ে দলটিকে ‘বাংলাদেশ নাই নাই পার্টি’ নাম দিতে তাঁরা বাধ্য হবেন বলেও মন্তব্য করেন তিনি।
মঞ্জু বলেন, পরিবর্তনের পর মানুষ কার্যকর, জবাবদিহিমূলক ও জনবান্ধব একটি রাষ্ট্রব্যবস্থা এবং গুম-খুন ঠেকাতে শক্ত আইন প্রত্যাশা করেছিল। কিন্তু ক্ষমতায় এসে সরকার গণভোটের রায় মানতে টালবাহানা করছে, জুলাই সনদকে উপেক্ষা করেছে এবং গুম ও মানবাধিকার প্রশ্নে প্রতারণামূলক আইন করেছে বলে তাঁর অভিযোগ। জনগণের মত অগ্রাহ্য করে পার পাওয়া যাবে না বলেও সতর্ক করেন তিনি।
সমাবেশে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান ও শাহাদাতুল্লাহ টুটুলসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।






