গণতন্ত্র ধ্বংসের উদ্দেশ্যে বিরোধী দল নতুন চক্রান্তে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তার দাবি, ৫ আগস্ট পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের সঙ্গে বিরোধী দলের মিল রয়েছে।

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ওয়াপদা খালের তীর রক্ষা কাজের উদ্বোধন হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রী।

বিরোধীদের উদ্দেশে এ্যানি বলেন, তারা নিজেরাই বলছে, ১১ দলের দাবি মানা না হলে বোমা ও ককটেলবাজি থামবে না। তার অভিযোগ, ৫ তারিখে যারা পালিয়েছে, তারা ওপারে বসে নিজেদের কাজ চালাচ্ছে; তাদের নেতৃত্বেই গাড়িতে আগুন, ককটেল আর ঝটিকা মিছিল হচ্ছে, আর বর্তমান বিরোধী দলের কথা ও কাজে তাদের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়।

দেশ, গণতন্ত্র ও সরকারকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে মন্তব্য করে মন্ত্রী বলেন, বিএনপি জিয়া ও খালেদা জিয়ার দল; আন্দোলনের পথ ধরে রাজপথ থেকেই দলটি উঠে এসেছে এবং সেখানেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করেছে। সামনের দিনেও রাজপথেই এই অপশক্তির মোকাবিলা করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপিসহ অনেকে উপস্থিত ছিলেন।