বিএনপিকে অকৃতজ্ঞ দল আখ্যা দিয়েছেন মিয়া গোলাম পরওয়ার। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এই সেক্রেটারি জেনারেলের অভিযোগ, দেশের কল্যাণ ও আধিপত্যবাদী শক্তিকে মোকাবিলার স্বার্থে জামায়াত অতীতে বিএনপিকে সমর্থন দিলেও ক্ষমতায় গিয়ে দলটি জামায়াতের নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালিয়েছে।
ঝিনাইদহে সাংগঠনিক সফরে গিয়ে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ারের ভাষ্য, ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর জামায়াত সমর্থন দেয় এবং ২০০১ সালের নির্বাচনের পর আধিপত্যবাদী শক্তি মোকাবিলায় পাঁচ বছর বিএনপির সঙ্গে ছিল। অথচ জামায়াতের তৎকালীন কেন্দ্রীয় আমিরকে কারাগারে পাঠায় বিএনপি, ঢাকা, রাজশাহী ও খুলনায় জামায়াতের নেতাকর্মীরা খুন হন এবং বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের হাতে শিবিরকর্মীরা নিহত হয়েছেন বলে তাঁর দাবি।
গোলাম পরওয়ার বলেন, জামায়াত বারবার বিএনপিকে সহযোগিতা করতে চাইলেও দলটি এখনো জামায়াতের বিরুদ্ধে শুধু বিরোধিতার জন্যই বিরোধিতা করছে। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘বিএনপি হলো অকৃতজ্ঞ দল।’
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে তিনি বলেন, বিরোধী দল নিজেদের খরচে বিশেষজ্ঞ নিয়োগ করে সরকারকে পরামর্শ দিয়েছে; বিরোধী দলে বসার পর অন্তত ৩৮টি প্রস্তাব দেওয়া হলেও সরকার জামায়াতসহ বিরোধী দলের একটিও আমলে নেয়নি। ফলে বিরোধী দলের বিরুদ্ধে সরকারের অসহযোগিতার অভিযোগ হাস্যকর বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত আওয়ামী লীগকে রাজপথে নামতে উসকানি দিচ্ছে—বিএনপির এমন অভিযোগের জবাবে গোলাম পরওয়ার প্রশ্ন তোলেন, গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার থাকা সত্ত্বেও নিষিদ্ধ একটি দলের নেতাকর্মীরা কীভাবে ঢাকাসহ সারা দেশে মিছিল করল। জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের যোগাযোগ বা আঁতাতের কোনো তথ্য কারও কাছে থাকলে তা প্রকাশ করার আহ্বান জানান তিনি।
এর আগে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা কার্যালয়ে জামায়াতের শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন তিনি। সেখানে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমির আলী আজম মোহাম্মদ আবু বকর এবং মুফতি আমির হামজা (কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য) উপস্থিত ছিলেন।






