এক আল্লাহ ছাড়া আর কাউকে তারা ভয় করেন না বলে মন্তব্য করেছেন মো. আবু সাদিক কায়েম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি। শনিবার (২৬ সেপ্টেম্বর) মৌলভীবাজারের জুড়ীতে ছাত্রশিবিরের ছাত্র ও গণজমায়েতে প্রধান অতিথি ছিলেন তিনি।
সাদিক কায়েম অভিযোগ করেন, এলাকার বিএনপিদলীয় সংসদ সদস্য ছাত্রশিবিরকে হুমকি দেন। এমন হুমকি শেখ হাসিনাও দিতেন মন্তব্য করে তিনি বলেন, হাসিনা এখন দিল্লিতে পালিয়ে আছেন, অথচ ছাত্রশিবির আছে সারা দেশে।
বিএনপি সরকারের মাথা এলোমেলো হয়ে গেছে মন্তব্য করে তার দাবি, পৃথিবীর আর কোনো সরকার সাত মাসে এতটা জনবিচ্ছিন্ন হয়নি। ঢাকায় হাসপাতালে হামলার প্রসঙ্গে তার অভিযোগ, ফিলিস্তিনে ইসরায়েল কিংবা জুলাই আন্দোলনে আওয়ামী লীগের মতোই বিএনপির লোকজন হাসপাতালে হামলা করেছে।
হাসিনার মতো নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে চাওয়াদের সে সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। অনুষ্ঠানে ডাকসুর সদস্য শাহিনুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






