ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের বাস্কেটবল টুর্নামেন্টে প্যান্ট-জার্সি পরে খেলোয়াড়দের মাঠে নামা নিয়ে সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তার অভিযোগ, এভাবে মেয়েদের মাঠে নামিয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম অসুন্দর পরিবেশ তৈরি করছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় অনুষ্ঠিত দলটির মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রেজাউল করীম অভিযোগ করেন, মেয়েদের প্যান্ট-জার্সি পরিয়ে সাদিক কায়েম মাঠে নামাচ্ছেন, আবার দেশের ইতিহাসে এই প্রথম এমনটা করা গেছে বলে গর্বও করছেন। ‘কত কায়দা! এই কায়দা কতদিন চলবে?’ এমন প্রশ্ন রেখে তিনি নেতাকর্মীদের কাছে জানতে চান, এটি বদলাতে তাদের মনে ব্যথা বা জজবা জাগে কি না।
সরকারের সমালোচনা করে চরমোনাই পীর বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পেরিয়ে গেছে, স্বাধীনতার জন্য মানুষ প্রাণ দিয়েছে, তবু প্রকৃত মুক্তি এখনো আসেনি। একই নীতিতে দেশ চললে হীরকজয়ন্তী বা শতবর্ষ উদযাপিত হলেও মানুষের ভাগ্য বদলাবে না বলে মন্তব্য করেন তিনি।
তার অভিযোগ, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম ও খুনের মতো অনাচার দিন দিন বাড়ছে, আর তা দমনে সরকার পুরোপুরি ব্যর্থ। প্রচলিত নীতিতে কোনো দলই কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেনি এবং নির্বাচনের আগের ইশতেহার পরে ভুলে গিয়ে জনগণকে ঠকানো হয় বলেও দাবি করেন তিনি।
আইএবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলে বারী মারুফের সভাপতিত্বে সম্মেলনে দলের মহাসচিব গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা বক্তব্য দেন।






