সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ঘুরছে, যেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ড. শফিকুর রহমানের কণ্ঠে দাবি করা হয়, শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া তাদের বড় ভুল ছিল এবং বিএনপির তুলনায় আওয়ামী লীগই ভালো ছিল। ভিডিওতে তাকে এ জন্য শেখ হাসিনার কাছে ক্ষমা চাইতেও দেখা যায়।

তবে অনুসন্ধানে দেখা গেছে, বক্তব্যটি আসল নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এটি বানানো হয়েছে। জামায়াত আমির প্রকাশ্যে এমন কথা বললে তা সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হতো, কিন্তু গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো উৎসে এর পক্ষে কোনো তথ্য মেলেনি। তার নিজের কিংবা দলের ফেসবুক পেজেও এমন মন্তব্যের খোঁজ পাওয়া যায়নি।

ভিডিওটির উৎস খুঁজতে গিয়ে ঠিকানায় খালেদ মুহিউদ্দীন নামের ইউটিউব চ্যানেলে গত বছরের ২৪ জুন সম্প্রচারিত একটি টকশোর খোঁজ মেলে, যেখানে শফিকুর রহমানের পোশাক ও পেছনের দৃশ্য আলোচিত ভিডিওর সঙ্গে মিলে যায়। কিন্তু ৪৬ মিনিট ৫৬ সেকেন্ডের পুরো অনুষ্ঠানের কোথাও তাকে এমন কথা বলতে শোনা যায়নি।

পরে ভিডিওর অডিও একাধিক এআই শনাক্তকরণ টুলে পরীক্ষা করা হলে তাতে ৯৮ শতাংশের বেশি এআই-এর উপস্থিতি ধরা পড়ে। ফলে শেখ হাসিনাকে সরিয়ে ভুল করার কথা স্বীকার করে জামায়াত আমিরের ক্ষমা চাওয়ার বক্তব্যটি বাস্তব নয়, এআই দিয়ে তৈরি।