প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জামায়াতে ইসলামীর আমির দলটির বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলামকে পদত্যাগে বাধ্য করলে ছোট্ট মরিয়মকে হয়তো দুনিয়া ছাড়তে হতো না। বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন, যা আবারও দেখাল যে বিএনপি অপরাধীদের প্রশ্রয় দেয় না এবং অপরাধ প্রমাণ হলে ব্যবস্থা নেয়।

জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলামের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন লেখেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তাঁকেও পদত্যাগে বাধ্য করলে ‘হয়তো ছোট্ট মেয়ে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না।’

রাশেদ খাঁনের ভাষ্য, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্টের চেষ্টা কিংবা দলের নাম ভাঙিয়ে অপকর্ম যারা করবে, তাদের বিষয়ে প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তই যথেষ্ট; কারও ব্যক্তিগত অপরাধে প্রধানমন্ত্রীর উদ্যোগ ম্লান হতে দেওয়া হবে না, তাই তাঁর পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা চান তিনি।

সম্প্রতি মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ ওঠে এবং মিষ্টির নাম আলোচনায় আসে; এরপরই তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।