জামায়াতে ইসলামী মুখে যা বলে, মনে তা পোষণ করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। তার অভিযোগ, গত ১৭ বছর বিএনপির সঙ্গে ফ্যাসিস্টবিরোধী আন্দোলন করা দলটি সরকারকে সহায়তা না করে ক্ষমতার জন্য মরিয়া হয়ে আওয়ামী লীগের সুরে ডিসেম্বরে চূড়ান্ত আন্দোলনের হুমকি দিচ্ছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাশেদ খাঁন। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে ওই সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁনের দাবি, এই মুহূর্তে আওয়ামী লীগ ও জামায়াতের হুংকার, বক্তব্য ও সরকার পতনের চেষ্টা একই রকম। ডিসেম্বরকে বাঙালির বিজয়ের মাস উল্লেখ করে তিনি অভিযোগ করেন, দল দুটি সরকার পতনের অপচেষ্টা করছে; তবে জনগণ সব ষড়যন্ত্র ও অগণতান্ত্রিক আন্দোলন রুখে দেবে।

হেফাজত আমির সম্পর্কে তিনি বলেন, আল্লামা বাবুনগরী দেশের সর্বজনশ্রদ্ধেয় মুরুব্বি, যিনি ইসলাম, ইমান ও দেশ পুনর্গঠনের প্রশ্নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইতিবাচক ভূমিকা রেখেছিলেন এবং কোরআন-হাদিসের আলোকে ‘জান্নাতের টিকিট বিক্রিওয়ালাদের’ বিরুদ্ধে মানুষকে সতর্ক করেছিলেন। সে জন্য সরকার ও বিএনপির পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাতেই এই সফর বলে জানান রাশেদ খাঁন।

রাশেদ খাঁন জানান, হেফাজত আমির দোয়া করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য, আর দেশ সঠিক পথে চলছে বলে সন্তুষ্টি জানিয়েছেন। তার ভাষ্যমতে, বাবুনগরী আক্ষেপ করে প্রশ্ন তোলেন, এ সময়ে জামায়াত লংমার্চ করবে কেন; বরং সবার উচিত সরকারকে সহযোগিতা করে দেশ পুনর্গঠনে মন দেওয়া।

সাক্ষাতের সময় বিএনপির ফটিকছড়ি উপজেলা শাখার সদস্য সচিব জহির আজম চৌধুরী, হেফাজত নেতা আল্লামা আইয়ুব বাবুনগরী এবং জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।